৩০ জানুয়ারি কমতে পারে ইন্টারনেটের গতি

২৫ জানুয়ারি, ২০২১ ১৭:০৪  
দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের (সি-মি-উই-৫) লাইন মেরামতের কারণে আগামী শনিবার (৩০ জানুয়ারি) রাতে দেশে ইন্টারনেট সেবা ধীর গতির হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড- বিএসসিসিএল।
সংস্থাটি রোববার (২৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কনসোর্টিয়ামের সময়সূচি অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি রাত ২টা থেকে ভোর ৬টা পর্যন্ত ৪ ঘণ্টা ক্যাবল মেরামতের পরিকল্পনা রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  ওই সময় সি-মি-উই-৫ -এর কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনের সব সার্কিট বন্ধ থাকবে। তবে দেশের প্রথম সাবমেরিন ক্যাবল (সি-মি-উই-৪) ও আইটিসি (ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল ক্যাবল) অপারেটরগুলোর সার্কিট চালু থাকবে। বিএসসিসিএল বিজ্ঞপ্তিতে আরও বলেছে, দ্বিতীয় সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণের কাজ চলাকালে গ্রাহকরা সাময়িকভাবে ইন্টারনেটের ধীরগতির সম্মুখীন হতে পারেন।